ভৈরবে একটি কুকুরের জীবন বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেলেন নসিমন চালক আল আমিন (২৬)। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকা জুড়ে মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আল আমিন কুলিয়ারচর উপজেলার দাড়িয়া কান্দি গ্রামে পন্ডিত মিয়ার ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ সকাল বেলা বাশঁগাড়ি থেকে ওয়াজ মাহফিলের মালামাল নিয়ে দাড়িয়া কান্দি যাওয়ার সময় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে চালকের মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি কুকুরকে রক্ষা করতে গিয়ে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই চালক মারা যায়।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
![]()