ভৈরবে সিএনজি আটকিয়ে চালককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার পঞ্চবটি গ্রামের নতুন রাস্তা এলাকায় সিএনজি অটোরিকশা আটকিয়ে চালককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাইম মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।
অভিযুক্ত নাঈম পঞ্চবটি নতুন রাস্তা এলাকার আরব আলীর ছেলে এবং পৌর ৩ নং ওয়ার্ড কৃষক দল সভাপতি ইমরান ভূঁইয়া ও একই ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি রিমন ভূঁইয়ার ছোট্ট ভাই।
ভুক্তভোগী মেরাজ মিয়া পঞ্চবটি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক।
মেরাজ মিয়া অভিযোগ করে বলেন, সারাদিন সিএনজি চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পঞ্চবটি গ্রামের নতুন রাস্তা বালুর মাঠ এলাকায় পৌঁছালে নাইম মিয়াসহ অজ্ঞাত কয়েকজন তার সিএনজি অটোরিকশার গতিরোধ করেন। পরে তাকে মারধর করে তার কাছ থেকে প্রায় ১ হাজার ৬০০ টাকা নিয়ে যায়।
তিনি আরও বলেন, বিষয়টি পরে নাইমের ভাই ইমরান মিয়াকে জানালে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে দ্রুত বিষয়টির সমাধান না হলে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।
অভিযোগের বিষয়ে নাইম মিয়ার ভাই ইমরান মিয়া বলেন, মেরাজ তার কাছে বিচার নিয়ে এসেছিলেন। তার অভিযোগ ছিল, ১ হাজার ৪০০ টাকা নেওয়া হয়েছে। এর মধ্যে তিনি নগদ ৬০০ টাকা ফেরত দিয়েছেন এবং বাকি টাকা পরে দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি নাইমকে তিনি এ বিষয়ে শাসন করবেন বলেও জানান।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইমরান মিয়া গত দুই বছর ধরে এলাকায় বিভিন্ন চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে সোপর্দ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তবে নিজের ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
তবে এ ঘটনায় অভিযুক্ত নাইম মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মেরাজ মিয়া।



