মূল অংশে যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 22 September 2026
নোটিশ

শিমুলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আইনি লড়াই: আপিল বিভাগে রিট খারিজ, দায়িত্বে বহাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান

প্রকাশ: বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ :- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৩নং শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদকে কেন্দ্র করে চলমান আইনি লড়াইয়ে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। সর্বশেষ রায়ে নির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান রিপনের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে খোরশেদ আল-আমিনই আপাতত দায়িত্বে বহাল থাকছেন।
জানা যায়, নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রিপন দীর্ঘদিন ধরে জেলহাজতে থাকায় প্রায় ১৩ মাস আগে কিশোরগঞ্জ জেলা প্রশাসক প্যানেল চেয়ারম্যান খোরশেদ আল-আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এরপর দায়িত্ব ফিরে পেতে গত ১২ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন রিপন। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট ইউএনওকে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
তবে এই আদেশকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২৭ এপ্রিল মধ্যেরচর গ্রামবাসী রিপনের দায়িত্ব গ্রহণের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরদিন ২৮ এপ্রিল রিপন সংবাদ সম্মেলন করেন। আবার ৩০ এপ্রিল তার সমর্থকরা তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।
পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আল-আমিন। এরই ধারাবাহিকতায় ৩ মে (রবিবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে আদালত রিপনের করা রিট খারিজ (মামলা নিষ্পত্তি) করে পূর্বের অবস্থান বহাল রাখার নির্দেশ দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে খোরশেদ আল-আমিনের দায়িত্ব অব্যাহত থাকছে।
এ মামলায় বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান বাদল।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর