ভৈরবে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো ছিল ২ হাজার ইয়াবা
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. জাকির হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ দিকে টোল প্লাজার সামনে এ অভিযান চালানো হয়।
আটক জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর (কলাবাগান) এলাকার বাসিন্দা। তিনি মো. তাজুল ইসলাম ও মৃত রাবেয়া খাতুনের সন্তান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় জাকির হোসেনকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরনের প্যান্টের সামনের অংশের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে জাকির হোসেনকে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভৈরব থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




