মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 10 November 2026
নোটিশ

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশ: ৬ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটকে পড়া এক ট্রাকচালককে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভৈরব বাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা আল আমিন ও তাঁর সহকর্মীরা এ উদ্ধার অভিযান চালান।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া পণ্যবাহী ট্রাকের চালকের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি ভৈরব থানা এলাকার মহরম মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সহকর্মীদের নিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, তেলবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-০৯৮৫) ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে পণ্যবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৬৫) কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে আসছিল। পথিমধ্যে হঠাৎ ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্রাকের চালককে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও গাড়ি দুটি দুমড়েমুচড়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাকের চালক স্টিয়ারিং ও কেবিনের মাঝখানে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোর চালকদের আরও সতর্ক থাকা জরুরি বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর