মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ Tuesday, 10 November 2026
নোটিশ

ভৈরব বাসস্ট্যান্ডে অভিযান, ইয়াবাসহ আটক দম্পতি

প্রকাশ: ৩ বার পঠিত
শেয়ারWhatsAppTelegramLinkedIn

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা।

সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের শেরুলবাগ (মাজর গ্রাম) এলাকার মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী (৩৭) এবং তাঁর স্ত্রী মারজানা বেগম (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে একটি গোয়েন্দা দল ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে কিশোরগঞ্জগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪১৫৯) সেখানে পৌঁছালে বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

পরে বাসের ভেতর থেকে সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের দেহ তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগের ভেতর বিশেষভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ারWhatsAppTelegramLinkedIn

এ সম্পর্কিত আরও খবর