ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মেঘনা নদীতে বাদাম ব্যবসায়ীদের বহনকারী নৌকায় হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫ লাখ টাকা লুট করেছে ডাকাত দল। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব মোহনার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা যায়, ভৈরব শহরের চন্ডিবের এলাকার তিন ভাই মাসুম আহমেদ, শামীম আহমেদ ও ফরহাদ আহমেদের ‘এন এম ব্রাদার্স’ নামে একটি বাদাম ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শনিবার ভোর সোয়া ৫টার দিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১০ কর্মচারীকে নিয়ে তারা ভৈরব বাজার ঘাট থেকে নৌকাযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমৌজা বাজারের উদ্দেশ্যে রওনা হন।
সকাল ৬টার দিকে নৌকাটি আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনচালিত আরেকটি নৌকায় করে ৬ সদস্যের একটি ডাকাত দল এসে হামলা চালায়। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বস্তায় রাখা ৩৫ লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা। পরে ব্যবসায়ীদের নৌকার ইঞ্জিন বিকল করে দ্রুত পালিয়ে যায় তারা।
খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাঝনদী থেকে আক্রান্ত ব্যবসায়ীদের উদ্ধার করে ভৈরবে নিয়ে আসে।
এন এম ব্রাদার্সের পরিচালক শামীম আহমেদ জানান, “বাইশমৌজা বাজারে এপ্রিল থেকে জুন পর্যন্ত পাইকারি বাদামের বড় বাজার বসে। আমরা প্রায় পাঁচ বছর ধরে সেখানে ব্যবসা করছি। ডাকাতরা প্রায় ১০ মিনিট নৌকায় অবস্থান করে টাকা লুট করে নেয়।”
ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল ভৈরব থানার আওতাভুক্ত নয়। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
![]()